দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানে দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় থাকা ওমানকেও বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি।
সোমবার ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করতে ইরানের ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করা উচিত।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এতে সব ফ্রন্টে সামরিক অভিযান ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধের’ কথা বলা হয়। তবে দ্রুতই সেই সমঝোতা ভেস্তে যায়। গত ৭ জুলাই ট্রাম্প চুক্তিটি শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেন। এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমঝোতাটি স্থগিত করা হয়েছে।
সমঝোতা স্মারক অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল। পারস্পরিক সম্মতিতে এ সময়সীমা বাড়ানোর সুযোগও ছিল। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। সোমবার সেই সমঝোতা স্বাক্ষরের ৬০ দিন পূর্ণ হয়েছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলা শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ এই জলপথ দিয়ে চলাচল করত।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে জ্বালানির দাম বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে যুদ্ধের জনপ্রিয়তা কমে যাওয়ায় এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হওয়ায় ট্রাম্পের ওপর যুদ্ধ অবসানের চাপ বাড়ছে।
তবে ট্রাম্প দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচন ইরান নিয়ে তাঁর কৌশলে কোনো প্রভাব ফেলছে না। ফক্স নিউজকে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে তাঁর চিন্তাভাবনার কোনো সম্পর্ক নেই।
এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই তাঁর ‘প্রধান লক্ষ্য’। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবেও তিনি দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টি তুলে ধরেছেন।
এমএস/